ধরুন আপনি একটা বিমানের কনট্রোল প্যানেলের সামনে বসে আছেন। সামনে সারি সারি অসংখ্য ডায়াল, প্রতিটার কাঁটা একটা নির্দিষ্ট মাপে বসানো। একটা ডায়াল যদি এক মিলিমিটার এদিক ওদিক সরে যায়, বিমানটা আকাশে ভারসাম্য হারিয়ে ভেঙে পড়বে। এখন কল্পনা করুন, এরকম না একটা না দুটো, বরং কয়েক ডজন ডায়াল আছে, আর প্রতিটা ডায়ালের কাঁটা এমন একটা অবিশ্বাস্য রকম সূক্ষ্ম বিন্দুতে বসানো যে তার চারপাশে এক চুলও জায়গা নেই। আর অবাক করা বিষয় হলো, এই প্যানেলটা কোনো বিমানের না, বরং পুরো মহাবিশ্বের। আমাদের এই মহাবিশ্বে পদার্থবিজ্ঞানের যে কয়েকটা মৌলিক ধ্রুবক ও বল আছে, সেগুলোর মান এমনভাবে বসানো যে একটুও এদিক ওদিক হলে কোনো তারা জ্বলত না, কোনো পরমাণু গড়ে উঠত না, কোনো জীবনের অস্তিত্বই সম্ভব হতো না। এই পর্যবেক্ষণের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে স্রষ্টার অস্তিত্বের একটা আধুনিক ও প্রভাবশালী যুক্তি, যাকে বলা হয় ফাইন টিউনিং আর্গুমেন্ট বা সূক্ষ্ম সমন্বয়ের যুক্তি। আর এই ডায়ালের উপমাটাও ধার করা না, এটা এই যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবক্তা, আমেরিকান দার্শনিক রবিন কলিন্সের নিজের ভাষাতেই বলা একটা ছবি।

রবিন কলিন্স দর্শনের অধ্যাপক, যিনি পদার্থবিজ্ঞান নিয়েও গভীরভাবে পড়াশোনা করেছেন। তাঁর যুক্তির মূল পর্যবেক্ষণ হলো, মহাবিশ্বে জীবন সম্ভব হওয়ার জন্য বেশ কিছু মৌলিক পরিমাপ একটা অত্যন্ত সংকীর্ণ পরিসরের মধ্যে থাকতে হয়েছে। যেমন, প্রোটন আর নিউট্রনকে পরমাণুর কেন্দ্রে একসাথে বেঁধে রাখে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল, তার মান যদি মাত্র পাঁচ শতাংশ বেশি বা কম হতো, তাহলে কোনো স্থিতিশীল পরমাণুই গড়ে উঠত না, জীবনের প্রশ্নই আসত না। তারার ভেতরে কার্বন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, যার উপর জীবজগতের সব জৈব রসায়ন নির্ভর করে, তার পেছনেও আছে একটা অবিশ্বাস্য রকম সুনির্দিষ্ট পারমাণবিক অনুরণন। এই আবিষ্কারটা এত অদ্ভুত লেগেছিল বিখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ফ্রেড হয়েলের কাছে যে, আজীবন নাস্তিক থাকা তিনিই পরে স্বীকার করেছিলেন এই কার্বন তৈরির প্রক্রিয়াটা দেখে তাঁর মনে হয়েছে- প্রকৃতির নিয়মগুলো যেন কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এভাবে সাজিয়ে রেখেছে। অভিকর্ষ বলের বেলায় তো সূক্ষ্মতা আরও চমকপ্রদ। কলিন্সের হিসাব অনুযায়ী, অভিকর্ষের শক্তি এমন এক নিখুঁত মাত্রায় বসানো যে এর মান যদি এক শর কোটি কোটি কোটি কোটি কোটি ভাগের একভাগ পরিমাণও বদলে যেত, তাহলে জীবনযোগ্য কোনো তারা বা গ্রহ কখনোই গড়ে উঠত না। আর পদার্থবিজ্ঞানের একটা আলাদা, স্বীকৃত সমস্যাও এখানে প্রাসঙ্গিক, কসমোলজিকাল কনস্ট্যান্ট বা স্থান বিস্তারের গতি নিয়ন্ত্রণ করা ধ্রুবকটা। কোয়ান্টাম তত্ত্ব থেকে সরল হিসাবে যা পাওয়া যাওয়ার কথা, আর বাস্তবে যা পরিমাপ করা হয়েছে, এই দুইয়ের মধ্যে ফারাক প্রায় একশর পর বিশটা শূন্য বসলে যে সংখ্যাটা হয় তার সমান। পদার্থবিজ্ঞানীরা একে বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় ভবিষ্যদ্বাণীর ভুল বলেন, যার আজও কোনো সমাধান হয়নি।

কলিন্সের যুক্তি কেবল এই তথ্যগুলো সাজিয়ে দেওয়া না। তিনি একটা সুনির্দিষ্ট দার্শনিক নিয়মও প্রয়োগ করেছেন, যাকে বলা হয় লাইকলিহুড প্রিন্সিপাল বা সম্ভাবনার নিয়ম। এই নিয়মটা বলে- দুটো ব্যাখ্যার মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য তা বোঝার একটা উপায় হলো, কোন ব্যাখ্যার অধীনে পর্যবেক্ষিত ঘটনাটা কম বিস্ময়কর মনে হয়। কলিন্স দেখান, যদি সত্যিই একজন বুদ্ধিমান স্রষ্টা থাকেন, যিনি জীবন ও সচেতন সত্তা সৃষ্টি করতে চান, তাহলে এই ধরনের সূক্ষ্মভাবে সমন্বিত একটা মহাবিশ্ব পাওয়াটা মোটেই বিস্ময়কর না, বরং ঠিক এটাই প্রত্যাশিত। কিন্তু যদি ধরে নেওয়া হয় এই একটামাত্র মহাবিশ্ব নিতান্তই আকস্মিকভাবে, কোনো উদ্দেশ্য ছাড়াই অস্তিত্বে এসেছে, তাহলে এই ডজন ডজন ডায়াল ঠিক জীবনযোগ্য বিন্দুতে বসে যাওয়াটা প্রায় অসম্ভব রকম বিস্ময়কর একটা কাকতালীয় ঘটনা। তাই এই পর্যবেক্ষিত তথ্য, যে আমাদের মহাবিশ্ব জীবনযোগ্য, তা নিরুদ্দেশ আকস্মিকতার বিপক্ষে এবং স্রষ্টার অস্তিত্বের পক্ষে জোরালো প্রমাণ হিসেবে দাঁড়ায় । তবে কলিন্স নিজে সতর্ক সিদ্ধান্ত থেকে বলেন যে এটা চূড়ান্ত প্রমাণ না, বরং জোরালো প্রমাণ, যা অন্য যুক্তিগুলোর সাথে মিলে একটা পূর্ণ ছবি গড়ে তোলে।

এই যুক্তির বিরুদ্ধে সবচেয়ে পরিচিত আপত্তি হলো মাল্টিভার্স বা বহুবিশ্বের তত্ত্ব। অনেক পদার্থবিজ্ঞানী প্রস্তাব করেন, যদি আমাদের এই একটা মহাবিশ্বের বদলে অসংখ্য মহাবিশ্ব থাকে, প্রতিটায় আলাদা আলাদা ধ্রুবকের মান, তাহলে স্বাভাবিকভাবেই কিছু মহাবিশ্বে জীবনযোগ্য মান বসে যাবে, নিতান্তই সম্ভাবনার নিয়মে, আর আমরা স্বভাবতই এমন একটা মহাবিশ্বেই আছি, কারণ অন্য কোথাও থেকে পর্যবেক্ষণ করার মতো কেউ থাকতেই পারত না। এই আপত্তির জবাবে দার্শনিকরা কয়েকটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা দেখান। প্রথমত, মাল্টিভার্স তত্ত্বের পক্ষে এখনও কোনো সরাসরি পর্যবেক্ষণমূলক প্রমাণ নেই, এটা এখনও একটা তাত্ত্বিক অনুমান, যা মূলত এই ফাইন টিউনিংয়ের সমস্যা এড়ানোর জন্যই তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা মাল্টিভার্স তৈরি করার জন্যও একটা অন্তর্নিহিত প্রক্রিয়া বা মেকানিজম লাগে, যেমন ইনফ্লেশনারি কসমোলজির গাণিতিক কাঠামো, আর সেই মেকানিজমটাও নিজেই একটা সুনির্দিষ্ট, সুসংগঠিত আইনের সেট ধরে নিয়ে চলে। অর্থাৎ, মাল্টিভার্স নিজেই নিজের সূক্ষ্ম সমন্বয়ের প্রশ্নটা থামায় না, বরং প্রশ্নটাকে এক ধাপ পেছনে সরিয়ে দেয়, কীভাবে এই অসংখ্য মহাবিশ্ব তৈরি করার মতো একটা সুসংগঠিত ব্যবস্থাই প্রথমে অস্তিত্বে এল। তাই মাল্টিভার্স অনুমানটা যত বিস্তৃতই হোক, মূল প্রশ্নটা মেটায় না, কেবল সরিয়ে দেয়।

দ্বিতীয় পরিচিত আপত্তি আসে অবজারভেশন সিলেকশন ইফেক্ট বা উইক অ্যানথ্রপিক প্রিন্সিপাল থেকে। এই যুক্তিটা বলে, আমরা তো শুধু এমন একটা মহাবিশ্বই পর্যবেক্ষণ করতে পারব, যেখানে জীবন সম্ভব, কারণ অন্য কোনো মহাবিশ্বে আমরা থাকতেই পারতাম না পর্যবেক্ষণ করার জন্য। তাই এই জীবনযোগ্য মহাবিশ্ব দেখে বিস্মিত হওয়ার কিছু নেই। দার্শনিক জন লেসলি এই আপত্তির একটা চমৎকার জবাব দিয়েছেন তাঁর ফায়ারিং স্কোয়াডের উপমায়। ধরুন আপনাকে পঞ্চাশজন দক্ষ নিশানাবাজের সামনে দাঁড় করানো হলো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, আর সবাই গুলি ছুঁড়লো, কিন্তু আপনি বেঁচে গেলেন, প্রতিটা গুলি মিস হয়ে গেল। কেউ যদি বলে, আপনি অবাক হওয়ার কিছু নেই, কারণ যদি গুলি লাগত আপনি তো বেঁচে থেকে অবাক হতেনই না, এই যুক্তিটা স্পষ্টতই অসম্পূর্ণ। আপনি বেঁচে থাকলেও এই বেঁচে যাওয়াটা তখনও একটা ব্যাখ্যা দাবি করে, হয়তো নিশানাবাজরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মিস করেছে। ঠিক তেমনই, আমরা পর্যবেক্ষণ করতে পারছি এই সত্যটা মহাবিশ্ব জীবনযোগ্য হওয়ার প্রয়োজনীয় শর্ত হলেও, কেন এই নির্দিষ্ট মহাবিশ্বটাই জীবনযোগ্য হয়ে উঠল, এই প্রশ্নের একটা স্বাধীন ব্যাখ্যা তখনও প্রয়োজন, অ্যানথ্রপিক প্রিন্সিপাল একা সেই প্রশ্নের উত্তর দেয় না।

তৃতীয় আপত্তিটা আসে নকশার যুক্তির বিরুদ্ধে ব্যবহৃত পুরনো পশ্চাদ্‌ধাবনের প্রশ্ন থেকেই, যদি একজন বুদ্ধিমান স্রষ্টা এই সূক্ষ্ম সমন্বয়ের ব্যাখ্যা হন, তাহলে সেই স্রষ্টার নিজের জটিলতা বা অস্তিত্ব কে ব্যাখ্যা করবে। এর জবাবে কলিন্স ও অন্য দার্শনিকরা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন। মহাবিশ্বের ধ্রুবকগুলো জটিল, কারণ সেগুলো অনেক স্বতন্ত্র অংশ নিয়ে গঠিত, যেগুলো নির্দিষ্ট অনুপাতে মিলে যেতে হয়েছে। কিন্তু একজন অসীম, সরল বুদ্ধিসম্পন্ন সত্তা, যাঁর মধ্যে কোনো আলাদা আলাদা অংশ নেই, তাঁর ব্যাখ্যা একটামাত্র ধারণাতেই সম্পূর্ণ, একটা স্বনির্ভর মন, যিনি নিজের ভেতরেই নিজের অস্তিত্বের ভিত্তি রাখেন। এই সিরিজের আগের পোস্টগুলোতে আলোচিত কনটিনজেন্সি ও কসমোলজিকাল যুক্তিগুলো ঠিক এই সত্তার অস্তিত্ব স্বাধীনভাবেই প্রতিষ্ঠা করে। তাই পশ্চাদ্‌ধাবনটা অসীম না, এটা থামে এমন একটা বিন্দুতে, যা আর কোনো জটিল, বহু অংশের সমন্বয় না। স্কটিশ দার্শনিক পিটার মিলিক্যানের মতো কিছু সমালোচক আরেকটা সতর্কতার কথা বলেন, এই যুক্তি নির্ভর করে বর্তমান পদার্থবিজ্ঞানের উপর, আর ভবিষ্যতে কোনো একীভূত তত্ত্ব হয়তো এই ধ্রুবকগুলোর মান ব্যাখ্যা করে ফেলতে পারে, প্রাকৃতিক নিয়মেই। এই সতর্কতা যুক্তিসঙ্গত, কিন্তু এটা সমস্যাটা সমাধান করে না, কেবল এক স্তর উপরে তুলে দেয়। কারণ এমন কোনো একীভূত তত্ত্ব যদি পাওয়াও যায়, সেই তত্ত্বের নিজের সমীকরণ আর প্রাথমিক শর্তগুলোও কেন ঠিক এমন হলো যা জীবনযোগ্য একটা মহাবিশ্ব তৈরি করে, এই প্রশ্নটা তখনও অমীমাংসিতই থেকে যাবে।

রবিন কলিন্সের এই যুক্তিটা এই সিরিজের আগের পোস্টগুলোর যুক্তিগুলোর থেকে একটু আলাদা জায়গা থেকে আসে, এটা দর্শনের বিশুদ্ধ যুক্তির বদলে হাতেকলমে পাওয়া পদার্থবিজ্ঞানের তথ্য থেকে শুরু হয়, কিন্তু গিয়ে পৌঁছায় একই জায়গায়। কালাম যুক্তি দেখিয়েছে মহাবিশ্বের একটা শুরু আছে। আকুইনাসের পথগুলো আর লাইবনিজের যুক্তি দেখিয়েছে, নির্ভরশীল অস্তিত্বের শৃঙ্খল একটা স্বনির্ভর সত্তায় থামতে হয়। আর এখন ফাইন টিউনিং যুক্তি দেখাচ্ছে, সেই মহাবিশ্বের ভেতরের নিয়মগুলোও এলোমেলো না, বরং এক নিপুণ উদ্দেশ্য নিয়ে সাজানো। পবিত্র কুরআনেও সূরা আল হিজরের উনিশ নম্বর আয়াতে স্রষ্টা বলেন, তিনি পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছেন "মওজুন" অবস্থায়, অর্থাৎ পরিমিত, ওজন করা, সুনির্দিষ্ট মাপে বাঁধা। এই একটা শব্দেই যেন রবিন কলিন্সের সেই ডায়াল ভরা কনট্রোল প্যানেলের পুরো ছবিটা ধরা পড়ে। মহাবিশ্বের প্রতিটা ধ্রুবক, প্রতিটা বল, এলোমেলো কাকতালীয়তায় না, বরং একটা পরিমিত, ওজন করা মাপেই বসানো। যে ডায়ালগুলো আপনার আমার অস্তিত্বকে সম্ভব করেছে, সেগুলো নিজেরাই এমন নিখুঁতভাবে বসানো থাকার কোনো কারণ নেই, যদি না কেউ সেগুলো ইচ্ছাকৃতভাবে বসিয়ে থাকেন।

শেয়ার করুন Facebook WhatsApp
লেখা শেষসব লেখায় ফিরুন →
Dr. Md Abdullah Saeed Khan

চিকিৎসক, এপিডেমিওলজিস্ট ও গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল মেডিসিনে ডিফিল ফেলো।